
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হলেও দুই দেশের প্রকৃত সম্ভাবনার তুলনায় এটি এখনো যথেষ্ট নয় বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। এই বাণিজ্যকে আরও শক্তিশালী করতে সরাসরি জাহাজ চলাচল ব্যবস্থা চালু, বিনিয়োগের হার বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ। শুক্রবার ব্রাসিলিয়ার পালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্রাজিল থেকে তুলা, সয়াবিন, চিনি ও কৃষিপণ্যসহ শিল্পের কাঁচামাল আমদানি করছে; অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক ও পাটজাত পণ্য ব্রাজিলে রপ্তানির বিশাল ক্ষেত্র পড়ে আছে। তিনি বাণিজ্যের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য কমিয়ে সরাসরি লেনদেনের ওপর জোর দেন।
প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে সেলসো আমোরিম বলেন, “বাংলাদেশকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ ও উদীয়মান কণ্ঠস্বর” হিসেবে দেখে ব্রাজিল। আলোচনায় উঠে আসে যে, ব্রাজিলের আসন্ন সাধারণ নির্বাচনের পরপরই দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) অনুষ্ঠিত হবে। সেখানে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, জ্বালানি ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে একাধিক চুক্তি ও প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত