
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরের টঙ্গীতে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার হোন্ডা রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়।
তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মোটরসাইকেলটি উদ্ধার করে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফের মোটরসাইকেল উদ্ধারের পর ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত