
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

‘সিন্ডিকেট’ কোনো সরকারই পছন্দ করে না। আমরা চাই, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়—বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করছে। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভবিষ্যতে যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুষ্টিকর চাল প্রকল্প কবে চালু হবে?
পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান তিনি। সেখানে সাইলো ও এর অভ্যন্তরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আফরোজা খানম। পাশাপাশি স্থাপনাগুলোর সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত