
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে কোম্পানিটি ১ হাজার ৫২৯ কোটি টাকার বেশি মূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিএসইসি গতকাল বুধবার এক চিঠির মাধ্যমে কোম্পানিটিকে ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। যার মোট মূল্য দাঁড়াচ্ছে ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকা।
কোম্পানির জানিয়েছে, এসব শেয়ার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে। গত বছরের ৩০ জুন পর্যন্ত নেয়া অর্থের বিপরীতে শেয়ার মানি ডিপোজিট হিসেবে এ শেয়ার বরাদ্দ কার্যকর করা হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত