
জেলা প্রতিনিধি | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

রংপুরের মাহিগঞ্জে অটোরিকশায় যাত্রীবেশে উঠে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামি রায়হান বাবুকে (৩৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। বৃহস্পতিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার আনসারহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার রায়হান বাবু নীলফামারীর জলঢাকা থানার গোপালঝাড় চেয়ারম্যানপাড়া এলাকার আব্দুল হোসেনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ফাতেমা বেগম মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মাহিগঞ্জ থেকে একটি অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় যাত্রীবেশে আগে থেকেই আরও তিন ব্যক্তি ছিলেন।
অটোরিকশাটি মাহিগঞ্জের মাহিন্দ্রা গ্রামে পৌঁছালে ওই তিন ব্যক্তি ফাতেমাকে একটি সোনার বার দেখিয়ে পাঁচ হাজার টাকায় কেনার প্রস্তাব দেন। ফাতেমা জানান, গাড়িভাড়া ছাড়া তার কাছে আর কোনো টাকা নেই।
এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে হাতে থাকা সোনার বালা ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেন ওই ব্যক্তিরা। পরে অটোরিকশাচালক তাকে ঘটনাস্থলে নামিয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম গত ৩০ এপ্রিল মাহিগঞ্জ থানায় দস্যুতার মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে এসআরবি-১৩ রংপুরের একটি অভিযানিক দল জলঢাকার আনসারহাট বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি রায়হান বাবুকে গ্রেফতার করে।
পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত