
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতের পুরান দিল্লির হাউজ কাজি এলাকায় তিনতলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার প্রায় ৪৭ ঘণ্টা পর শনিবার ধ্বংসস্তূপ থেকে পঙ্কজ শর্মা (৪০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
পঙ্কজ শর্মা বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা হাজারি শর্মার ছেলে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে ‘গলি সিতারা’ এলাকায় ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ তিনতলা ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে দিল্লি পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) সদস্যরা।
দিল্লি পুলিশের কেন্দ্রীয় জেলার ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং জানিয়েছিলেন, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, প্রাথমিক তদন্তে ভবনটির নির্মাণকাজের বৈধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমসিডির এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রায় ৫০ বর্গমিটার জমির ওপর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এমনকি ভবনটির কোনো অনুমোদিত নকশাও ছিল না।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত