
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।
পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবি নিয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত