
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। খবর কাঠমান্ডু পোস্টের।
পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান, নাওয়ালপারাসি পূর্ব ও পশ্চিম জেলা থেকে।
জেলা অনুযায়ী রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০ এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে নিখোঁজদের স্বজনরা তথ্য দেখে তাদের শনাক্ত করতে পারেন।
বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ ও মরদেহ সংরক্ষণের কাজও করছেন। এ পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে।
তবে নতুন করে বন্যার আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজও চলছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকায় নেমে আসায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ থাকায় তাদের জীবিত থাকার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত