সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর

শিক্ষাকে কর্মমুখী করা, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। আগামী ১৭ অক্টোবর শনিবার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) প্রধান অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হবে।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের শিক্ষা মডেল, শিক্ষা সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা ও নেতৃত্বের বিকাশ নিয়ে আলোচনা হবে। উপস্থাপন করা হবে প্রায় ১০০টি গবেষণাপত্র।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত প্রাক্-সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাকে উন্নত দেশগুলোর শিক্ষার সমপর্যায়ে নিতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতাভিত্তিক ও নৈতিক জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য শিক্ষা, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয় জরুরি।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (USIM), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (BIIT) এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)।
শিক্ষামন্ত্রী থাকবেন সমাপনী অনুষ্ঠানে

সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইসলামিক থটের (IIIT) মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. ওমর হাসান কাসুলে সিনিয়র, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক টিএস ড. শরিফুদ্দিন মোহাম্মদ শা’আরানী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (IUT) সাবেক উপাচার্য ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফজলী ইলাহী।

আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ এম. ইসলাম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার উপ-উপাচার্য অধ্যাপক দাতো ড. নিক সালিদা সুহাইলা নিক সালেহ, অস্ট্রেলিয়ার মইনুল হক ওএএম এবং ইন্দোনেশিয়ার ড. সিয়াফুদ্দিন আলী আখমাদ।
আলোচনায় তিন দেশের শিক্ষা মডেল

সম্মেলনে মালয়েশিয়ার ‘ইন্টিগ্রেটেড এডুকেশন’, তুরস্কের ‘সেঞ্চুরি অব তুরস্ক মারিফ মডেল’ এবং ইন্দোনেশিয়ার ‘মারদেকা কারিকুলাম’সহ বিভিন্ন দেশের শিক্ষা মডেল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হবে।

আয়োজকদের তথ্যমতে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, ভারত ও পাকিস্তানসহ প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও শিক্ষার্থীরাও এতে যোগ দেবেন।

আয়োজকদের মতে, বর্তমান বিশ্বে শিক্ষার লক্ষ্য শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়; বরং বাস্তব জীবনের প্রয়োজন, কর্মক্ষেত্রের চাহিদা, ব্যবহারিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা জরুরি।

এ লক্ষ্য সামনে রেখে সম্মেলনে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষা নেতৃত্বের বিকাশ এবং কর্মমুখী শিক্ষার প্রসারে করণীয় নিয়ে আলোচনা করবেন দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকেরা।

আয়োজকেরা আশা করছেন, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা এবং দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে নতুন ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

প্রাক্-সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্মেলনের কো-চেয়ার অধ্যাপক মোহাম্মদ সরওয়ার মোর্শেদ এবং সম্মেলনের কো-অর্ডিনেটর ড. সৈয়দ শহীদ আহমদ প্রমুখ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত