
জেলা প্রতিনিধি | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম (৬০)। তাঁরা ওই এলাকার বাসিন্দা। ফজিলা বেগম আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম আজিজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরে ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশে হাঁটতে বের হন ফজিলা ও জহিলা। এ সময় রংপুর থেকে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক আটক
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত