
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

এশিয়ান গেমসের মঞ্চে দারুণ এক জয় দিয়ে যাত্রা শুরু করেছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে জাপানকে ৪৮ রানে হারিয়ে ‘এ’ গ্রুপে পূর্ণ ২ পয়েন্ট তুলে নিয়েছে তারা।
বৃহস্পতিবার নিসশিনে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।
জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল জাপান। অষ্টম ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৫৩ রান। তবে এরপরই ম্যাচের চিত্র পাল্টে যায়।
আফগান স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে জাপান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয় তারা। জাপানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।
আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খানও ছিলেন কার্যকর, ১৯ রানে নেন ৩ উইকেট।
এই জয়ে ‘এ’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে শুরু করল আফগানিস্তান। একই গ্রুপে রয়েছে নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান—দুই দলই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত