
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে

ফেনীতে অস্থায়ী চেকপোস্টে যানবাহনে তল্লাশির সময় ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মো. আলমগীর (৪৬) নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, এসআরবির একটি দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।
তবে সংকেত উপেক্ষা করে ট্রাকটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। প্রথমে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় সেটি। এরপর রাস্তার বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায় ট্রাকটি।
৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় মহিপাল হাইওয়ে পুলিশ। গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক মো. সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত