
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়ার খবর প্রকাশের পর অসহায় আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটিকে এক লাখ টাকার চেক দেওয়ার পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন এবং কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন তিনি।
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এতে উঠে আসে অভাব-অনটনে জর্জরিত এক পরিবারের অসহায়ত্বের চিত্র।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন আঁখি। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। আর্থিক সংকটের চাপে ঋণ পরিশোধের জন্য অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
প্রতিবেদনটি প্রকাশের দিনই বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবারটির দুরবস্থা বিবেচনায় নিয়ে তাদের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।
নির্দেশনা পাওয়ার পর দ্রুত আঁখি ও তাঁর পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
আঁখির পরিবারের সংকটের কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত