
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৪ মে)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৪ মে’র যাত্রার টিকিট। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনার আওতায় ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে।
এর আগে বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মে’র যাত্রার টিকিট। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
এদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উচ্চ শ্রেণির টিকিটের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
রেলওয়ে কর্মকর্তারা জানান, পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত