
জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০) ও তাঁদের আট মাস বয়সী সন্তান রিফা। অপর নিহত ব্যক্তি হলেন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূঁইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুরগামী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। আহতদের চিকিৎসা চলছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত