
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
হামলায় আবাসিক ভবন, শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলাকে রাশিয়ার অন্যতম ‘ঘৃণ্য হামলা’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (৭ অক্টোবর) রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
রাজধানী কিয়েভেও হামলার ভয়াবহতা দেখা গেছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে।
এ ছাড়া কিয়েভের একটি উপশহরে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আরও দুজন নিহত হয়েছেন।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় দেশজুড়ে অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কিয়েভের পাশাপাশি মধ্যাঞ্চলীয় শহর ওলেকসান্দ্রিয়া ও ক্রেমেনচুকেও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটিই সেই জন্মদিনের উপহার, যা পুতিন নিজেকে দিয়েছেন: শিশুদের হত্যা, সাধারণ মানুষকে হত্যা।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনেই হামলাটি চালানো হয় উল্লেখ করে জেলেনস্কি বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। তিনি এ হামলাকে অন্যতম ‘ঘৃণ্য হামলা’ হিসেবে বর্ণনা করেন।
প্রিলুকিতে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান
ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ার পর প্রিলুকিতে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। জরুরি বিভাগের কর্মীরা খননযন্ত্র ও বেলচা দিয়ে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি মই ব্যবহার করে ভবনটির ওপরের তলাগুলোতেও পৌঁছান।
ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শহরটিতে প্রায় ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।
প্রিলুকির ডেপুটি মেয়র দানিলো সাভেঙ্কো বলেন, শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় এলাকায়। ক্ষেপণাস্ত্র আসার শব্দ শোনার পরপরই তিনি তাঁর স্ত্রীকে নিয়ে বিমান হামলা থেকে সুরক্ষার জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্রে চলে যান।
প্রায় ৭০ ক্ষেপণাস্ত্র, ডজন ডজন ‘শহেদ’ ড্রোন
জেলেনস্কির দাবি, রাতভর ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর অনেকগুলোই ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ডজন ডজন ‘শহেদ’ ড্রোনও ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তাদের বাহিনী।
মস্কোর দাবি, স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য উচ্চনির্ভুল অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাও ছিল। এসব স্থাপনায় ইউক্রেনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের ‘ফ্ল্যামিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন পাল্লার ড্রোন তৈরি ও সংরক্ষণ করা হয় বলে দাবি করেছে মস্কো।
৪৬ ড্রোনের ৮০ শতাংশের বেশি ভূপাতিতের দাবি
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার নিক্ষেপ করা ৪৬টি জেটচালিত ড্রোনের ৮০ শতাংশের বেশি ভূপাতিত করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫০ থেকে ৬০ শতাংশ ড্রোন ধ্বংস করতে পেরেছিল। এবার সেই সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে ড্রোন প্রতিহতের হার বৃদ্ধির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী।
সূত্র: রয়টার্স

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত