
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে ইরান। চলতি বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাস্তুচ্যুত লেবাননের নাগরিকদের সহায়তার জন্য এ অর্থ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (৭ অক্টোবর) অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে রয়টার্স।
তবে ইরান থেকে হিজবুল্লাহর কাছে বিপুল অর্থ পাঠানোর দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘এই অর্থ সেখানে নেই।’
হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ইরান থেকে বিপুল নগদ অর্থ আসার ‘ভুয়া গল্প’ ছড়িয়ে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে সংগঠনটি।
তবে হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধি ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তাজনিত কারণে অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কীভাবে তা লেবাননে পৌঁছেছে—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
রয়টার্সের সূত্রের তথ্য অনুযায়ী, পাওয়া অর্থের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, সহায়তার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সামরিক উপস্থিতির কারণে এখনো বসবাসের অনুপযোগী এলাকাগুলোর বাসিন্দারাও এ সহায়তা পাবেন।
তবে এত বিপুল অর্থ কীভাবে নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অর্থের গতিপথ প্রকাশ পেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত