
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করায় পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই ঘটনায় তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গাজীপুরের ভূঁইয়া পাড়া, ডুয়েট ছায়াতরু রোড ও শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পার্শ্ববর্তী ভূঁইয়া পাড়া এলাকায় আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে বিসমিল্লাহ হোটেল-১ ও ২-এর রান্না পরিচালনা করায় দুই ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ডুয়েট ছায়াতরু রোড এলাকায় জান্নাত হোটেলে আবাসিক গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে রান্না করায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, শিমুলতলী এলাকায় হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে রান্না করায় একজন ব্যবহারকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আবাসিক শ্রেণির মোট পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত