
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষে কাজের সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের গুনতে হতে পারে অবিশ্বাস্য অঙ্কের ফি। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) সুবিধা পেতে প্রাথমিকভাবে ৭০ হাজার মার্কিন ডলার দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) অনলাইনে প্রকাশিত প্রস্তাবনায় এ তথ্য উঠে এসেছে। বিদেশি ভিসাধারীদের ওপর নজরদারি বাড়ানো এবং অভিবাসন ব্যবস্থায় কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
অতিরিক্ত প্রশিক্ষণে আরও ৩০ হাজার ডলার
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এফ-ওয়ান ভিসাধারী অভিবাসী নন—এমন বিদেশি শিক্ষার্থীদের ওপিটির জন্য প্রাথমিক পর্যায়ে কোনো সার্টিফায়েড বা অনুমোদিত প্রতিষ্ঠানে ৭০ হাজার ডলার ফি দিতে হবে। পরবর্তীতে অতিরিক্ত কোনো কাজের প্রশিক্ষণের প্রয়োজন হলে আরও ৩০ হাজার ডলার দিতে হবে।
ডিএইচএসের দাবি, জালিয়াতি প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থার সততা ও ভারসাম্য শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্মীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এই ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এফ-ওয়ান ভিসাধারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নির্ধারিত শর্ত ও নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে শিক্ষার্থী, নিয়োগকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুমোদিত কর্মকাণ্ডে যুক্ত আছে কি না, সেটিও যাচাই করা হবে।
৫০০ ডলার থেকে এক লাফে ৭০ হাজার!
বর্তমান নিয়মে ওপিটির আওতায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ বা অন-দ্য-জব ট্রেনিংয়ের সুযোগ পান। পড়াশোনা শেষ করার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি রয়েছে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—অর্থাৎ স্টেম বিষয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত।
বর্তমানে ওপিটির সুবিধা পেতে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রায় ৫০০ ডলার ফি দিতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই ফি বেড়ে দাঁড়াবে ৭০ হাজার ডলারে—অর্থাৎ কয়েকশ গুণ বৃদ্ধি।
এমন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত