
জেলা প্রতিনিধি | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর বাবাকে দেখতে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। ভিড়ের মধ্যেই চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে অসহায় বাবার মুখে তুলে দেয় শিশুটি। বাবা-মেয়ের এই আবেগঘন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উজিরপুর উপজেলার একটি বাজারের মুদিদোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন ওই ব্যক্তি। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। বাবাকে আর মারধর না করার জন্য উপস্থিত লোকজনের কাছে আকুতি জানায় সে। একপর্যায়ে চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাবাকে খাওয়ায় শিশুটি। এ দৃশ্য উপস্থিত লোকজনের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ওই ব্যক্তির পা বাঁধা রয়েছে। তাঁর হাতে একটি চায়ের কাপ। মেয়েটি পাউরুটি ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। এ সময় চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিভিন্ন কথা বলছিলেন। বাবাকে রুটি খাওয়াতে খাওয়াতে মেয়েটিকে অসহায় দৃষ্টিতে আশপাশের লোকজনের দিকে তাকাতে দেখা যায়।
পরে স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি নিয়ে তাঁকে ছেড়ে দেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত