
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রয়টার্সের দেখা সায়মার পদত্যাগপত্র থেকে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পান সায়মা। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর সায়মার বিরুদ্ধে চীন সফরের খরচে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগে তদন্ত শুরু করে ডব্লিউএইচও। গত জুলাইয়ে তাকে ছুটিতে পাঠানো হয়।
রয়টার্সের দেখা ৩ জুলাইয়ের এক চিঠিতে সায়মার আইনজীবীরা এসব অভিযোগের জবাব দেন। চীন সফরের ব্যয় নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ অস্বীকার করে সায়মা জানান, নিয়মিত ব্যয়ের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়ায় তার এক সহকারী প্রশাসনিক ভুল করেছিলেন। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ মার্কিন ডলার।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের বিষয়ে সায়মা বলেন, বাংলাদেশে স্বায়ত্তশাসন ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। এ বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশে জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও অস্বীকার করেছেন সায়মা। তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন।
পদত্যাগপত্রে সায়মা আরও বলেন, দায়িত্ব পালনে বাধা এবং দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় ডব্লিউএইচওর মহাপরিচালকের ওপর তিনি আস্থা হারিয়েছেন। আর্থিক টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, সায়মাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর পরিকল্পনা করছিল ডব্লিউএইচও। তাদের একজন জানান, আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালক পদের জন্য মনোনয়ন আহ্বান করা হবে। ডিসেম্বরে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় সূত্র দুটি তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকেরা বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থার নীতি বাস্তবায়ন তাদের অন্যতম দায়িত্ব।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারত রয়েছে। সদস্যদেশগুলো প্রতি পাঁচ বছর পরপর আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।
সায়মার পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ডব্লিউএইচও। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ছুটিতে রয়েছেন। তবে বিষয়টির গোপনীয়তার কথা উল্লেখ করে তার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।
সূত্র: রয়টার্স

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত