
জেলা প্রতিনিধি | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে

পটুয়ালীর বাউফলে চরের ঘাস খেয়ে অন্তত ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষ মারা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা শুরু করেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই মহিষগুলো অসুস্থ হয়েছে বলে ধারণা করছেন তারা।
স্থানীয় ও মহিষ মালিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাখালেরা শতাধিক মহিষ নিয়ে লালচরে ঘাস খাওয়াতে যান। ঘাস খাওয়ার পর গোয়ালঘরে ফেরার পরপরই একে একে মহিষগুলো অসুস্থ হতে শুরু করে। পরে কয়েকটির অবস্থার দ্রুত অবনতি হলে সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়। আরও কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক।
মহিষ মালিকদের অভিযোগ, দুর্বৃত্তরা চরের ঘাসে বিষ প্রয়োগ করে থাকতে পারে। ওই ঘাস খাওয়ার পরই ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। মৃত মহিষগুলোর মধ্যে রফিজ মৃধা, সুমন মাঝি ও রুহুল আমিনের একটি করে মহিষ রয়েছে।
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার বলেন, ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে। আবার কৃত্রিমভাবেও বিষক্রিয়া ঘটতে পারে। মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত