
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী মো. সাব্বির হোসেন সানি (৩৪) গ্রেফতার হয়েছেন। গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সানি। বড় সাজ্জাদের নির্দেশনায় তিনি বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সানি বড় সাজ্জাদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। আগে বিদেশে থাকা সানি বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে আসেন। এরপর থেকে চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বড় সাজ্জাদ ও বোরহানের হয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি।
জিজ্ঞাসাবাদে সানি জানিয়েছেন, বড় সাজ্জাদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন তিনি। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করতেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিংবা টাকা আদায়ে ব্যর্থ হলে সানির নির্দেশে স্থানীয় সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীর বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো হতো বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানির অবস্থান শনাক্ত করা হয়। পরে ৩০ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও জেলা গোয়েন্দা পুলিশের হাতে এসেছে।
অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। চাঁদাবাজির সঙ্গে সানির প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা, তার সহযোগীদের পরিচয় এবং অপরাধী চক্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের নির্দেশনায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্যরা চট্টগ্রাম ছেড়ে অন্য জেলায় আত্মগোপন করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত