
জেলা প্রতিনিধি | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ অর্জন—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে মোট ৪৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় মেয়েদের এগিয়ে থাকার বিষয়টি এবারের ফলাফলে বিশেষভাবে উঠে এসেছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৮২ জন ছেলে। অর্থাৎ, সর্বোচ্চ ফল অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফলাফলে মেয়েদের এই সাফল্য তাদের একাডেমিক অগ্রগতির ধারাবাহিকতার প্রতিফলন। মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।
এদিকে এবারের এইচএসসি পরীক্ষার ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত