
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় সংসদে নিজের দাড়ি ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে এর বিচার দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, নিজ দলেরই এক সংসদ সদস্য তাকে লক্ষ্য করে দাড়ি নিয়ে কটাক্ষ করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ অভিযোগ করেন তিনি।
মনিরুল হক বলেন, আগের এক অধিবেশনে বাজেট বক্তৃতার প্রথম দিন একটি গল্পকে কেন্দ্র করে তার বক্তব্যের কিছু অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছিল। স্পিকারের এ এখতিয়ার থাকলেও কোন শব্দ অসংসদীয় ছিল, তা জানার অধিকার তার রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে ৩০০ বিধিতে নোটিশও দিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সেদিন নামাজের বিরতির পর তার বক্তব্যকে কেন্দ্র করে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এক সংসদ সদস্য তাকে ‘মানবতাবিরোধী’ ও ‘বর্ণবৈষম্যবাদী’ বলেও মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি।
ওই সংসদ সদস্যের বক্তব্য তুলে ধরে মনিরুল হক বলেন, ‘নীল নদের পানি যেমন নীল হয় না, তেমনি সকলে দাড়ি রাখলেই মুসলমান হয় না।’
এতে নিজের ধর্মীয় বিশ্বাস ও সম্মানে আঘাত করা হয়েছে দাবি করে মনিরুল হক বলেন, ‘দাড়ি নবীর সুন্নত। এটা নিয়ে কটাক্ষ করার এখতিয়ার সংসদে কেন, বাইরেরও কাউকে দেওয়া হয়নি। আমি এর বিচার চাই।’
তিনি আরও অভিযোগ করেন, সেদিন কয়েকজন সংসদ সদস্য সংসদের ডেকোরাম ভেঙে তার দাড়ি নিয়ে কটাক্ষ করলেও তার পক্ষে যারা কথা বলতে চেয়েছিলেন, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
সংসদ ও নিজের মর্যাদার স্বার্থে আগের বক্তব্যের কোন অংশ অসংসদীয় ছিল, তা স্পষ্ট করার দাবি জানান মনিরুল হক। তিনি বলেন, এ বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া নোটিশের একটি আনুষ্ঠানিক জবাব তিনি স্পিকারের কাছে প্রত্যাশা করছেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত