
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে

তিব্বত সীমান্ত থেকে হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩৮৪ জন, যাদের বড় একটি অংশ বিদেশি পর্যটক।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক এবং ২৯১ জন বিদেশি নাগরিক। বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয় এবং ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন। অর্থাৎ ভারতীয় ও এনআরআই মিলিয়ে ১৪২ জনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া নিখোঁজ বিদেশিদের তালিকায় রয়েছেন ১২ জন ব্রিটিশ, ১৭ জন মালয়েশীয়, চারজন দক্ষিণ আফ্রিকান ও তিনজন মার্কিন নাগরিক। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন।
তবে নিখোঁজ তালিকায় থাকা আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় ও অবস্থান শনাক্তে কাজ করছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদেশি নাগরিকের সংখ্যা বেশি হওয়ায় নিখোঁজদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে ভারতীয় নাগরিকদের পরিচয় ও অবস্থান শনাক্তে তৎপরতা জোরদার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বিষয়ে তথ্য যাচাই ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। ফলে নিখোঁজের সংখ্যা ও জাতীয়তার তালিকায় পরিবর্তন আসতে পারে। নতুন তথ্য পাওয়া গেলে তা হালনাগাদ করে জানানো হবে।
সূত্র: বিবিসি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত