
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ইরান এখন একসঙ্গে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তাজনিত যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, দেশের সব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রচারিত ওই ভাষণে পেজেশকিয়ান বলেন, দেশের অর্থনৈতিক সংকটের কারণে সরকার জনগণের কাছে লজ্জিত। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও জনগণের সেবায় সরকার কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ভয়াবহ ও চূর্ণকারী নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন। কিন্তু অসম এই যুদ্ধের মধ্যেও ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
পেজেশকিয়ান দাবি করেন, শত্রুপক্ষ ভেবেছিল ইরান ভেঙে পড়ে ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে পড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং প্রতিরোধ, ঐক্য ও সংহতির মাধ্যমে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে।
সরকার অভ্যন্তরীণ বিভাজন ও দ্বন্দ্ব এড়িয়ে পূর্ণ শক্তিতে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে চুক্তির বাস্তবায়ন এখনো স্থবির হয়ে আছে।
চুক্তির বাস্তবায়ন এবং তেল-গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে মতবিরোধের কারণে চূড়ান্ত আলোচনা এগোচ্ছে না বলে জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত