
জেলা প্রতিনিধি | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৪৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তাঁর এ সাফল্যের খবর জানা যায়। আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তুরাব আলীর ছেলে।
১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন আমিনুল ইসলাম। এরপর জীবন-জীবিকার তাগিদে দীর্ঘ ২৭ বছর পড়াশোনার বাইরে ছিলেন। তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন তিনি। সেই উপলব্ধি থেকেই আবারও পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন।
২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। অবশেষে ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
রোববার (১ নভেম্বর) আমিনুল ইসলাম বলেন, সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁর এই অর্জন দেখে তাঁরা নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন বলে আশা করেন।
তিনি আরও বলেন, “জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।” সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়েও ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি।
মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বিষয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ৪৭ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করা নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি বর্তমান সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত