
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরপর কয়েকটি বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। পরে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাতে কিছুটা সময় লেগেছে।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, গভীর রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বিশাল অগ্নিশিখা দেখতে পান তিনি।
তবে গোলাবারুদের ডিপোতে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিস্ফোরণের পর আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব বিস্ফোরণের পেছনে কারণ কী কিংবা কারা দায়ী, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সরকার এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি।
সূত্র: আল জাজিরা, আরব নিউজ

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত