
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় শুরু হবে শপথ অনুষ্ঠান। এর আগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করতে বলা হয়েছে।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দরবার হলে প্রবেশ করবেন। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি সেখানে প্রবেশ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে বঙ্গভবন ও দরবার হল সাজানো হয়েছে বিশেষভাবে।
শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং তিন বাহিনীর প্রধান।
এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঐতিহাসিক দরবার হল এর আগেও একাধিক রাষ্ট্রপতির শপথগ্রহণসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষী হয়েছে। নতুন রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত