
ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচার আমল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে—এ কথা সরকার কখনো অস্বীকার করেনি। তবে এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির পাঁয়তারা চলছে।
সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দেশের আইনে তার সুস্পষ্ট বিধান রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
দেশের বিভিন্ন সংকটময় সময়ে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছে। সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করে আনতেও দলটি ভূমিকা রেখেছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিল্পকারখানার মালিকসহ অনেক সাধারণ মানুষ বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কষ্টে রয়েছেন। এ পরিস্থিতির জন্য দলের পক্ষ থেকে তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভাটি বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত