
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে পরিপত্র জারি করেছে ইসির এনআইডি অনুবিভাগ। এতে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।
তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি ও দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান এসওপি অনুসরণ করতে হবে। আবেদন অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে সিএসএসে বাধ্যতামূলকভাবে নোট দিতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা মাঠ কর্মকর্তাদের কার্যক্রম মনিটর করবেন। প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন দিতে হবে।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধন এবং জন্মতারিখসহ নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে। একই তথ্যের ঘরে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত