
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

সিস্টেম আপডেটের কারণে আগামী রোববার (৩০ আগস্ট) একদিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও পেমেন্ট সেবা। ঢাকার রয়্যাল থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ৩০ আগস্ট থাই ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল ও ই-ভিসা পেমেন্ট সিস্টেম সাময়িকভাবে বন্ধ থাকবে। পরদিন সোমবার (৩১ আগস্ট) থেকে দুটি সেবাই আবার চালু হবে।
এদিকে, ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনে নতুন কিছু নথি জমা দিতে হবে। আবেদনকারীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের মূল ভাষার কপি ও ইংরেজি অনুবাদ—দুটিই জমা দিতে হবে।
ডিটিভি হলো পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা। নির্দিষ্ট শ্রেণির বিদেশি নাগরিকদের দীর্ঘ সময় থাইল্যান্ডে থাকার সুযোগ দিতে এ ভিসা চালু করা হয়েছে।
কাজের উদ্দেশ্য, মুয়ে থাই কোর্স, থাই রান্নার প্রশিক্ষণ, ক্রীড়া প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদি চিকিৎসা, সেমিনার ও সংগীত উৎসবে অংশ নিতে ডিটিভির আবেদন করা যায়। ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে ডিটিভির ভিসা ফি দেওয়ার আগে রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন নিতে হবে।
ডিটিভি ভিসায় প্রতিবার থাইল্যান্ডে প্রবেশের পর সর্বোচ্চ ১৮০ দিন থাকা যায়। প্রতিটি প্রবেশের ক্ষেত্রে একবার সর্বোচ্চ আরও ১৮০ দিনের জন্য অবস্থানের মেয়াদ বাড়ানো যায়। ভিসার মেয়াদ থাকা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত