
জেলা প্রতিনিধি | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মিষ্টির সিরায় ময়লা ও মরা পোকার অংশ, চিনির গুঁড়া রাখা স্যাঁতসেঁতে বক্সে! এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পিওর সুইটমিট অ্যান্ড বেকারি’ নামে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্সও ছিল না।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণে নানা অনিয়ম পাওয়া যায়। চিনির গুঁড়া রাখা হয়েছিল নোংরা ও স্যাঁতসেঁতে বক্সে। কুকিজ তৈরির খামির ছিল খোলা ও ঢাকনাবিহীন। মিষ্টির ছানা নোংরা দেয়ালের পাশে ঝুলিয়ে পানি ঝরানো হচ্ছিল। এ ছাড়া কেক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হচ্ছিল কোনো লেবেল ছাড়াই।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মিষ্টি তৈরির সিরায় পাওয়া যায় ময়লা ও মরা পোকার অংশবিশেষ। অভিযানের সময় কারখানা কর্তৃপক্ষ কাঁচামাল কেনার চালান এবং উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্সও দেখাতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে পাওয়া অনিয়ম এবং প্রতিষ্ঠানের মালিকের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত