
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘদিনের বন্ধন নষ্ট করতে একটি মহল নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা তার সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, ‘আমাদের এই মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে আমরা একই সমাজ ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি। আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে।’
তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে পৃথক তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এসব ট্রাস্টের মূল লক্ষ্য সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সুন্দর ও সমৃদ্ধভাবে পরিচালনা করা এবং পূজারি ও ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করা।
ট্রাস্টের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা নিজ নিজ সম্প্রদায়ের যোগ্য ও দক্ষ ব্যক্তি উল্লেখ করে রিজভী বলেন, তারা আন্তরিকতার সঙ্গে উপাসনালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন।
বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত এই দর্শনে দেশের প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান স্থান রয়েছে। এখানে প্রত্যেকেই গর্বের সঙ্গে নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারে।
রিজভী আরও বলেন, দেশবিরোধী নানা চক্রান্তকারী দল মানুষের এই অটুট বন্ধন ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ থেকেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের পূজা-পার্বণ ও ঈদের আনন্দে অংশ নেয়। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন কোনো চক্রান্তেই নষ্ট করা যাবে না।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত