
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে ওই পরিবারের নারীরা গোসল করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা এজারত মিয়ার পক্ষের দুই ছেলে নারীদের গোসলের ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে রবিবার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত