
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) কাজী জেসিন।
গত ৬ আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগে বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পান কাজী জেসিন। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন জেসিন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভিকে দলীয় প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
জেসিন বলেন, অতীতের কোনো সরকার যে বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, প্রধানমন্ত্রী সেটি নিয়ে ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকে ‘নয়া বন্দোবস্তের’ কথা বললেও প্রধানমন্ত্রী নীরবে সেই পরিবর্তনের কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর পরিকল্পনায় অভিভূত হয়েছেন জানিয়ে জেসিন বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরবে না, বরং আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।
বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজ কঠিন উল্লেখ করে তিনি বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে সাজানো সহজ নয়। তবে কাজটি আনন্দেরও। সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।
পোস্টের শেষে বিটিভিকে নতুন উচ্চতায় নিতে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন মহাপরিচালক কাজী জেসিন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত