
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান এই আইনজীবী।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে জামিনের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন তিনি। তবে গত ২ সেপ্টেম্বর তার আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির।
এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন বিদিশা। শুনানি শেষে আজ তাকে জামিন দেওয়া হলো।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত