
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (২৬ আগস্ট) দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। ধ্বংস হয়েছে সড়ক, সেতু ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।
বর্তমানে নেপালের পর্যটন শহর পোখারায় অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখান থেকেই নিজের নিরাপত্তার খবর জানিয়ে তিনি বলেন, তাঁর জন্য যেন কেউ চিন্তা না করেন।
বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে।’
দেশে ফেরার বিষয়ে তিনি জানান, গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার পোখারা থেকে সড়কপথে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর শুক্রবারের ফ্লাইটে ঢাকা ফেরার কথা।
অপু বলেন, ‘ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরব।’
নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিজের জন্য উদ্বিগ্ন না হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন অপু। তাঁর ভাষায়, ‘আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অন্যরা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত