
জেলা প্রতিনিধি | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটাগামী পর্যটকবাহী একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয় বাসটি। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়।
বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি ভাড়া করেছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত