
ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর কানাডার লেক অন্টারিওর নাম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ করেছে গুগল ম্যাপস।
শনিবার এক বিবৃতিতে গুগল জানায়, সরকারি তথ্যের ভিত্তিতেই সাধারণত গুগল ম্যাপসের ভৌগোলিক নাম হালনাগাদ করা হয়। ফলে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে দেখতে পাবেন। তবে কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নাম ‘লেক অন্টারিও’ই থাকবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ব্যবহারকারীরা দুই নামই দেখতে পাবেন।
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই গত বৃহস্পতিবার পাঁচটি গ্রেট লেকসের অন্যতম লেক অন্টারিওর নাম পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। দুই দেশ এরই মধ্যে একে অপরের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।
ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্রে ভৌগোলিক নাম নির্ধারণকারী সংস্থা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে কার্যকর হবে। তবে কানাডা কিংবা বিশ্বের অন্য দেশগুলোতে হ্রদটির প্রচলিত নাম পরিবর্তন হবে না।
এর আগে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। পরে গুগল ম্যাপসে সেটির নাম ‘গালফ অব আমেরিকা’ করা হয়।
লেক অন্টারিওর নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও জানিয়েছেন, তারা নতুন নামটি ব্যবহার করবেন না। ভারমন্টের গভর্নর ফিল স্কট সিদ্ধান্তটিকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।
এদিকে শনিবার লেকটির তীরে নতুন একটি সাইনবোর্ড উন্মোচন করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। সেখানে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা হয়েছে—‘লেক অন্টারিও, এখনও এবং সর্বদা।’
ডগ ফোর্ড বলেন, ট্রাম্প হ্রদটিকে যা খুশি নামে ডাকতে পারেন। তবে বিশ্বের বাকি দেশগুলো এটিকে সবসময় ‘লেক অন্টারিও’ নামেই ডাকবে।
সূত্র: আলজাজিরা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত