
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাসিমা (৫০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় তিনজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
তবে গ্যাস লিকেজ থেকে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত