
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে

মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মডেল-অভিনেত্রী।
শনিবার (২৪ অক্টোবর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তুলনার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে সেটি থেকে ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর একপর্যায়ে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হন তুলনা। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি টেলিভিশন উপস্থাপিকা হিসেবেও পরিচিত ছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনায়ও দক্ষতা ছিল তাঁর। নিজের কাজের মাধ্যমে বিনোদন ও ফ্যাশন জগতে গড়ে তুলেছিলেন স্বতন্ত্র অবস্থান।
অসুস্থতার কঠিন সময়েও লড়াই চালিয়ে গেছেন তুলনা। শারীরিক নানা প্রতিকূলতার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব অনেকের নজর কেড়েছিল।
তাঁর মৃত্যুর খবরে সহকর্মী, ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত