
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতের কেরালায় ভারী বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজ্যের মালাপ্পুরম, ইডুক্কি ও কোট্টায়াম জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মালাপ্পুরম জেলার নীলাম্বুর ও আমরাম্বালম এলাকায়। অতিবৃষ্টিতে কোট্টাপুঝা নদীর পানি হঠাৎ বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হলে নদীর পাশে ঘুরতে যাওয়া পাঁচজনের একটি দল ভেসে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত একজনকে জীবিত উদ্ধার করেন। পরে উদ্ধারকারী দল নদী থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ বাকি দুজনের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।
ছুটির দিন হওয়ায় কোট্টাপুঝা নদীর আশপাশে পর্যটক ও স্থানীয় মানুষের ভিড় ছিল। পাহাড়ি ও জঙ্গল এলাকায় অতিবৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় অনেকে সতর্ক হওয়ার সুযোগ পাননি। পরে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় নদীর আশপাশ থেকে প্রায় ২৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এদিকে ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির সময় পাহাড়ের মাটি ও পাথর ধসে একটি অস্থায়ী কৃষিঘর চাপা পড়ে। এতে বালাকৃষ্ণন ও চিন্নু নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা মারিয়াম্মা নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
দুর্গম পাহাড়ি পথ ও টানা বৃষ্টির কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ভারী যন্ত্রপাতি পৌঁছাতে বেগ পেতে হয়।
অন্যদিকে কোট্টায়াম জেলার ভেলাথুসেরি এলাকায় পাহাড়ি পথ থেকে কাদামাটি ধসে সঙ্গীতা অরুল লাল নামে এক নারীর মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর বাসিন্দা ওই নারী ভ্যাগামন এলাকা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কেরালা প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। ইডুক্কি ও কোট্টায়াম জেলার প্রশাসনকে প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নীলাম্বুর-আমরাম্বালম এলাকায় বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
মালাপ্পুরমেও জরুরি উদ্ধারকাজে বিশেষ বাহিনী মোতায়েনের পাশাপাশি বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) কেরালার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এরই মধ্যে ইডুক্কি ও কোট্টায়ামের সতর্কতা হলুদ থেকে কমলা পর্যায়ে উন্নীত করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে ভূমিধস ও হড়পা বান নিয়ে ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত