
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবারও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরায় মারা গেছেন ১০১ জন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে নিহত হয়েছেন ৯৫ জন।
উদ্ধারকর্মীরা ক্রেন, খননযন্ত্র ও হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকলে তার শব্দ শুনতে পারেন—এ আশায় উদ্ধারকাজের সময় সবাইকে নীরব থাকার অনুরোধ করা হচ্ছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল। অ্যাপার্টমেন্ট ভবন, বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভবন ধসে পড়েছে, আবার কিছু ভবনে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।
ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী চোকো অঞ্চলের দুর্গম বনাঞ্চলে বসবাসকারী অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন। এতে সেখানে উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে পড়েছে।
নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শপথ নেওয়ার কয়েক দিন পরই এই ভূমিকম্প আঘাত হানে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘরবাড়ি হারানো মানুষের জন্য অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মাঠপর্যায়ে কাজ করছে ন্যাশনাল কফি ফেডারেশন। সংস্থাটির প্রধান জার্মান বাহামোন জানিয়েছেন, কৃষিখামার ও গ্রামীণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরিয়ে যাচ্ছেন। বালতি হাতে হাতে এগিয়ে দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন।
সূত্র: রয়টার্স

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত