
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউ চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা। এর মধ্য দিয়ে শচীন টেন্ডুলকারের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করা চতুর্থ ব্যাটারও হয়েছেন রোহিত। এই মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন ছিল মাত্র দুই রান। ইনিংসের শুরুতেই সেই রান তুলে নিয়ে কীর্তিটি গড়েন তিনি।
এর আগে ওপেনার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল ও সনাৎ জয়াসুরিয়া। তাদের পর চতুর্থ ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখালেন রোহিত।
রোহিত ২০২তম ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছেন। এর মাধ্যমে টেন্ডুলকারের ২১৪ ইনিংসের রেকর্ডটি ১২ ইনিংসের ব্যবধানে পেছনে ফেলেছেন তিনি।
২০০৪ সালের ১৮ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৪তম ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন টেন্ডুলকার। দীর্ঘ ২২ বছর ধরে দ্রুততম ১০ হাজার রানের এই রেকর্ডটি তার দখলেই ছিল।
এদিকে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুভমান গিলের নেতৃত্বাধীন দল ম্যাচের আগেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। অন্যদিকে, হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওয়ানডেতে ভারতীয় একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন নীতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ সিরাজ। এ ম্যাচের আগে ওয়ানডে অভিষেক হয়েছে অংশুল কাম্বোজের।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত