
ডেস্ক রিপোর্ট | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন মৌসুমের নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার জায়গা পেয়েছেন। ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারের নাম রয়েছে এবারের নিলাম তালিকায়। বাংলাদেশি ক্রিকেটারদের রাখা হয়েছে তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার মার্কিন ডলার। এই ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশি মুদ্রায় এই ভিত্তিমূল্য প্রায় ৯৮ লাখ ৬০ হাজার টাকা।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের এই তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন ও ফিল সল্ট, পাকিস্তানের নাসিম শাহ ও ফখর জামান এবং আফগানিস্তানের ফজলহক ফারুকিসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
বাংলাদেশের আরও চার ক্রিকেটার রয়েছেন দ্বিতীয় ক্যাটাগরিতে। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা।
এই ক্যাটাগরিতে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, পাকিস্তানের শাদাব খান, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও শ্রীলঙ্কার কুশল পেরেরার মতো ক্রিকেটাররা।
তৃতীয় ক্যাটাগরিতে ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি মুদ্রায় এই ভিত্তিমূল্য প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা।
তবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে উঠতে হচ্ছে না। প্রি-সাইনিং প্রক্রিয়ার মাধ্যমে আগেই দল নিশ্চিত করেছেন তিনি। আসন্ন মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এই পেসার।
এবারের নিলামে মোট ২৩ দেশের ক্রিকেটার অংশ নিচ্ছেন। ২০০ বিদেশি ক্রিকেটারসহ চার শতাধিক ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবের ক্রিকেটাররাও রয়েছেন নিলামের পুলে।
ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে নিবন্ধন করেছেন মুরুগান অশ্বিন। পাকিস্তান থেকে রয়েছেন ১৭ জন ক্রিকেটার।
নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৩ লাখ মার্কিন ডলারের বাজেট নিয়ে শুরু করবে। এর বাইরে প্রি-সাইনিংয়ের জন্য প্রতিটি দলকে আরও ৭ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত