
জেলা প্রতিনিধি | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩২) ও রামচন্দ্রপুরহাট গোঠিপাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ (১৮)। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহারাজপুরের শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওদুদ মহরিল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা উত্তেজনা ও বিরোধের ঘটনাও ঘটে।
এরই মধ্যে শুক্রবার সকালে দুই পক্ষ ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল ও আব্দুল হামিদ আহত হন।
পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ওদুদ মহরিল ও জালাল মেম্বারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার তারা আবার সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণে দুজন আহত হন। ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত