
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা ও ইয়েমেনে নতুন করে সংঘাতের মধ্যে জোরালো হয়েছে কূটনৈতিক তৎপরতা। এরই অংশ হিসেবে ওমানের রাজধানী মাসকাটে মার্কিন কর্মকর্তা ও ইয়েমেনের ইরানপন্থী হুতি প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক হয়েছে। একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় নেতাদের বহুপক্ষীয় বৈঠক হতে পারে।
গত সপ্তাহান্তে মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে ওই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওমান সরকার। বৈঠকে হুতিদের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবদুস সালাম ও আবদেলমালিক আল-আজিরি।
আলোচনায় ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা গুরুত্ব পায়। বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হুতি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই।
হুতিরা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি তারা মেনে চলবে। ইসরায়েলি কিংবা অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলারও ইচ্ছা নেই তাদের। তবে ইয়েমেন সংকটে সৌদি আরবের ভূমিকার কারণে সৌদি জাহাজের ক্ষেত্রে অবস্থান ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে গোষ্ঠীটি।
সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হুতিদের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি যোগাযোগ অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, হুতিরা মার্কিন প্রশাসনকে ইয়েমেন যুদ্ধ থেকে দূরে থাকার বার্তা দিয়েছে।
তবে মাসকাটের বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক মুখপাত্র জানিয়েছেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং অঞ্চলটিতে চরমপন্থার বিস্তার ঠেকানোই ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার।
এদিকে হুতিদের সাম্প্রতিক সামরিক অগ্রযাত্রায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তৃত এলাকা, কৌশলগত বন্দরনগরী মোখা এবং বাব আল-মানদেব প্রণালির পেরিম দ্বীপের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এই পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে সরাসরি সামরিক সহায়তা চাইলেও ওয়াশিংটন ইয়েমেনের যুদ্ধে সরাসরি জড়াতে আগ্রহী নয় বলে জানিয়েছে।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘাত চলছে। একপর্যায়ে সংঘাত কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে সৌদি অবরোধ ও হুতিদের পাল্টা পদক্ষেপকে কেন্দ্র করে লোহিত সাগর ঘিরে উত্তেজনা আবারও বেড়েছে।
সূত্র: রয়টার্স

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত