
ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে আড়ালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান। তার সাম্প্রতিক বক্তব্যে অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও মিলেছে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’
নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
২০২৫ সালে দীর্ঘ বিরতির পর ভালো কোনো কাজের মাধ্যমে অভিনয়ে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন পপি। তবে ২০২৬ সালে এসেও চলচ্চিত্রে তার প্রত্যাবর্তনের বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়।
এরপর থেকেই তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে থাকে। বিয়ে করে সংসারী হয়েছেন—এমন খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, পপি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।
দীর্ঘদিন পর পপির সাম্প্রতিক বক্তব্যে তার নতুন জীবনভাবনার বিষয়টি সামনে এসেছে। তার কথায়, আপাতত চলচ্চিত্রে ফেরার চেয়ে শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণেই বেশি মনোযোগী হতে চান তিনি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত